
মা ইলিশ সংরক্ষণ ও অসাধু মৎস্যজীবীদের দমন দাবিতে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দশমিনা উপজেলার হাজিরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্যাদা, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলি খান, যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, সোহেল জোমাদ্দার, আবু আব্দুল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। বিশ্বের মধ্যে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এই সময় মা ইলিশ ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, কিছু অসাধু মৎস্যজীবী এই সময়ে নানা কৌশলে মা ইলিশ নিধনে লিপ্ত থাকে। এদের কঠোরভাবে দমন করতে উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও মৎস্য দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
নেতারা অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতা ও কিছু অসাধু জেলেদের কারণে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে ইলিশের পরিমাণ কমে যাচ্ছে। “মাছে ভাতে বাঙালি”—এই গৌরব আজ হুমকির মুখে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, মা ইলিশ সংরক্ষণে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো প্রশাসনের পাশে থেকে কাজ করবে। একইসঙ্গে অবরোধকালীন সময় প্রকৃত জেলেদের দ্রুত যাচাই-বাছাই করে ভিজিএফ চাল বিতরণের দাবি জানান তারা।


