প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
বাউফলে নদীর তীর দখল করে দোকান নির্মাণ হুমকিতে ৭১২ কোটি টাকার প্রকল্প।

বাউফল অফিস:
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর তীর দখল করে বাণিজ্যিক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের এক সাবেক কর্মকর্তা ও স্থানীয় বাজার মালিক সমিতির প্রত্যক্ষ সহযোগিতায় এ দখল কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। এতে নদীভাঙন রোধে বাস্তবায়িত ৭১২ কোটি টাকার ব্লক নির্মাণ প্রকল্প হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ধুলিয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতীরে কয়েকটি দোকানঘরের নির্মাণকাজ চলছে। গণমাধ্যমের উপস্থিতিতেও শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্টরা দাবি করেন, আগে সেখানে তাদের দোকান ছিল, যা ব্লক নির্মাণ প্রকল্পের সময় উচ্ছেদ করা হয়। পরে ২০২৫ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের কাছে আবেদন করলে তারা পুনরায় ঘর নির্মাণের অনুমতি পান। এ বিষয়ে ধুলিয়া বাজার সমিতি সভা করে আটজনকে দোকান নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে দেয়।
নদীর জায়গা দখলে বাজার কমিটির সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছেন সমিতির সাধারণ সম্পাদক মিজান হাওলাদার। তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আটজনকে দোকান নির্মাণের স্থান দেওয়া হয়েছে। তবে চুক্তিতে উল্লেখ রয়েছে, সরকারের প্রয়োজনে তারা দোকান সরিয়ে নিতে বাধ্য থাকবেন।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জহির আহমেদ জানান, নির্ধারিত স্থানটি নদীর অংশ। লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ’র পল্টুনের ২০০ গজের মধ্যে স্থাপনা নির্মাণের নিয়ম নেই। তবে বর্তমানে নির্মাণকাজ চলার বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে উচ্ছেদের বিষয়ে প্রশাসনের সহায়তা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাউফলের ধুলিয়া লঞ্চঘাট থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা এলাকা পর্যন্ত তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় ৭১২ কোটি টাকা ব্যয়ে ব্লক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.