বাউফল অফিস:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভূমিহীন ও অসহায় ব্যক্তি আব্দুস সালাম মিস্ত্রিকে জীবিকা নির্বাহের জন্য একটি রিকশা উপহার দিয়েছে বাউফল বিচার ফাউন্ডেশন।
সংগঠনটির তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা যায়, বাউফল বিচার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে আইনি সহায়তা থেকে বঞ্চিত কিংবা প্রভাবশালীদের চাপে মামলা করতে পারেন না, তাদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করে থাকে সংগঠনটি।
রিকশা প্রদানকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, উদ্যোক্তা জসীম উদ্দীন, শিক্ষানবিশ আইনজীবী আমিনুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।