
বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাউফলের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধিদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদই হচ্ছে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই জনগণের আস্থা অর্জনে চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্টদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।