
স্টাফ রিপোর্টারঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন বলে মন্তব্য করেছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো ঐক্য সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
তিনি বলেন, “‘৭১-এর পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধী রাজাকার ও আলবদরদের প্রত্যাখ্যান ও বয়কট করতে হবে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান আনিস নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”
আদাবাড়িয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া লিটন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আহসান মানিক, বাউফল উপজেলা বিএনপির সাহিত্য সম্পাদক কবি মো. রুস্তম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহিন রেজা এবং এফ. মাহমুদ রিয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে আনিসুর রহমান আনিস নওমালা ভাঙা ব্রিজ ও নগরেরহাট এলাকায় আয়োজিত দুটি নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Tap into a new revenue stream—become an affiliate partner!