
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিন মোল্লা ওরফে ‘গাজা মতিন’-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপি জানায়, খবর পটুয়াখালীতে সংবাদ প্রকাশের পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক লিখিত আদেশে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মতিন মোল্লাকে আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ১৫ জানুয়ারি থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়।
এর আগে খবর পটুয়াখালীতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, একাধিক মাদক, সহিংসতা, দাঙ্গা ও মানিলন্ডারিং মামলার আসামি হয়েও মতিন মোল্লা আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর তিনি কারাগারে রয়েছেন।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


