
পটুয়াখালীর বাউফল পৌর শহরের একটি জনবহুল এলাকা থেকে দিনের আলোয় একটি ব্যাটারিচালিত অটোগাড়ি চুরির ঘটনা ঘটেছে। চুরির পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও চোরচক্রের সদস্যকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পলি ডায়াগনস্টিক সেন্টারের পাশের সড়কে এ চুরির ঘটনা ঘটে। অটোগাড়ির চালক ও ভুক্তভোগী মোহাম্মদ হাসান উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী জানান, একজন প্রসূতি নারীর প্রসব বেদনা ওঠায় তিনি রোগী ও তার স্বজনদের নিয়ে হাসপাতালে আসেন। পরে ঘটনাস্থলে অটোগাড়িটি রেখে রোগীকে সহযোগিতা করতে ভেতরে যান। গাড়ি বন্ধ করে চাবি সঙ্গে নিয়ে গেলেও কিছু সময় পর ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে পাশের একটি সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি ধরা পড়ে এবং চোরকেও স্পষ্ট দেখা যায়। পুলিশ ফুটেজ সংগ্রহ করলেও রাত ১১টা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) চোরকে শনাক্ত করতে পারেনি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর থানার পরিদর্শক আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে গাড়ি উদ্ধারসহ চোরকে আটক করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, হাসপাতালে রোগী নিয়ে আসা ব্যাটারিচালিত অটোগাড়িকে টার্গেট করে একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে। গত এক বছরে হাসপাতাল এলাকা থেকে ১০টির বেশি অটোগাড়ি ও অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। তবে এখনো চোরচক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
