
পটুয়াখালী–২ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। একই সঙ্গে দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বয়কটের ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাউফল পৌর শহরের পাবলিক মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। কাফনের কাপড় পরিহিত বিএনপি নেতা–কর্মীদের এই মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী বিগত আন্দোলন–সংগ্রামে কখনো মাঠে ছিলেন না। দলের দুর্দিনে কর্মীরা তাকে পাশে পাননি। বক্তাদের অভিযোগ, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী একেএম ফারুক তালুকদারের বিপক্ষে ওই নেতা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দেন, যার কারণে তৎকালীন নির্বাচনে বিএনপিকে পরাজয় বরণ করতে হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ওরফে হাজী পলাশ, যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েতসহ অন্যরা।
গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী–২ আসনে শহিদুল আলম তালুকদারকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।


