পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে বাউফল সরকারি কলেজ অডিটোরিয়ামে বাউফল উপজেলা ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেও ছাত্রদলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ–সভাপতি আল মামুনসহ উপজেলা, পৌর ও কলেজ শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিয়মিত পাঠচর্চা ও ধর্ম শিক্ষার প্রতি আরও মনোনিবেশ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।