বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলে পান-সুপাড়ি ও মুদি মনোহারী দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা পরিচালনা করতেন ইউসুফ হাওলাদার (৩২) নামের এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি, অবশেষে বাউফল থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি। গ্রেফতার ইউসুফ হাওলাদার উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের আনিচ হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০ টার দিকে দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল সংলগ্ন ইউসুফের পান, সুপারি ও মুদি মনোহারী দোকানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এসময় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ইউসুফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। তবে ভাই মুছাও মাদক কারবারে জড়িত আছেন কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে মুছাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা এফআইআর করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।