পটুয়াখালীর বাউফলে ইমাম হোসেন নিরব (১২) ও রিফাত হোসেন (১৩) নামের দুই শিশু নিখোঁজ হওয়ার ৫৮ ঘণ্টা পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ও স্বজনরা পৃথকভাবে তাদের খোঁজে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ নিরব চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাহাবুব মামুনের ছেলে এবং রিফাত একই গ্রামের কবির জোমাদ্দারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি।
স্থানীয়রা জানান, চন্দ্রদ্বীপ ইউনিয়ন চারদিক নদী দিয়ে বেষ্টিত এবং মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই। এ কারণে ঘটনাটি নিয়ে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। শিশুদের স্বজনরা আত্মীয়স্বজনের বাড়ি ও পরিচিত স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “পুলিশের অনুসন্ধানে জানা গেছে, দুই শিশু চন্দ্রদ্বীপ থেকে খেয়া নৌকায় কালাইয়া ঘাটে আসে। পরে তারা পৌর শহরের পাবলিক মাঠের পাশে চটপটি খায়। এরপর তারা কোথায় গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছি এবং আশা করছি দ্রুত তাদের সন্ধান মিলবে।”
পুলিশ জানিয়েছে, শিশুদের দেখা গেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে— ০১৭৩৪-২৬৭০১১, ০১৩১৫-৫০৭১৬৭, ০১৭৩৭-২১৯০৬৯।