
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফলে চলছে ইলিশ শিকারের মহোৎসব। রোববার (১২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে অবাধে ইলিশ শিকারের দৃশ্য।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় ২০টির বেশি মাছ ধরার নৌকায় করে অসাধু জেলেরা নদীতে ইলিশ শিকার করছে। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ ‘ইলিশ ধরার উৎসব’। এ সময় নদীতে প্রশাসনের কোনো টহল বা অভিযান দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার নীরব সম্মতি থাকায় এভাবে অবাধে মা ইলিশ নিধন চলছে। এতে ইলিশের প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে বাউফলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ বলেন, “আমরা চেষ্টা করছি যাতে মা ইলিশ নির্বিঘ্নে প্রজনন করতে পারে। ধুলিয়া পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আজ আমি বাঁশবাড়িয়া পয়েন্টে ছিলাম। বিকেলে নৌবাহিনী ও আমাদের টহল টিম ধুলিয়ায় থাকার কথা ছিল, হয়তো তারা তখন অন্য এলাকায় ছিল। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের প্রজনন রক্ষায় ১২ অক্টোবর পর্যন্ত দেশের সব নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।


