স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি ও পাচার প্রতিরোধে পটুয়াখালী জেলাজুড়ে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী-এর নির্দেশনায় পরিচালিত এসব অভিযানের অংশ হিসেবে আজ পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ডিপস্টিক মেজারমেন্ট ও স্টক রেজিস্টার যাচাইয়ের মাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা করা হয়, যা অধিকাংশ ক্ষেত্রে সন্তোষজনক পাওয়া গেছে। পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের একই দিনের জ্বালানি সরবরাহের পরিমাণ এবং চলতি দিনের সরবরাহ প্রদর্শনের বিষয়টিও নিশ্চিত করা হয়।
তবে পটুয়াখালী সদরের মেসার্স সানজিদা ট্রেডার্স-এ অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও লঞ্চঘাট ও বাস টার্মিনাল এলাকায় নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোক্তা অধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।