পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ আউলিয়াপুর গ্রামের গৃহবধূ ফাহিমা আক্তারের কোল জুড়ে এসেছে তিনটি ফুটফুটে নবজাতক দুই কন্যা ও এক পুত্র। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে খুশির জোয়ার এলেও দ্রুতই সে আনন্দ ম্লান হয়ে যায় অর্থনৈতিক সংকটে।
গত ৬ জুলাই পটুয়াখালীর মায়া ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে সন্তানদের জন্ম দেন ফাহিমা। বর্তমানে মা ও নবজাতকরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিশুদের বাবা আব্দুর রহমান হাওলাদার জানান, তিনি একটি প্যাকেজিং কোম্পানিতে কাজ করেন। তার মাসিক আয় ১৫-১৬ হাজার টাকা। এই সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে হঠাৎ একসঙ্গে তিন সন্তানের জন্ম এবং চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, সিজারিয়ান অপারেশনের খরচ হিসেবে দিতে হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া ওষুধ ও হাসপাতালে চিকিৎসা বাবদ প্রয়োজন আরও প্রায় ২০ হাজার টাকা। কিন্তু সামর্থ্য না থাকায় চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া তার পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে।
এই অবস্থায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন আব্দুর রহমান।
সহযোগিতা পাঠাতে মোবাইল নম্বর: ০১৩৩২৬০২৫৮৩