
পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী রাস মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আন্দামানিক নদীর তীরে অবস্থিত পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
আশ্রমের যুব কমিটির সহ-সভাপতি শান্তি রঞ্জন মিত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমের মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সুখরঞ্জন তালুকদার, রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, অর্থ সম্পাদক সুজন কান্তি শিকদার ও দেবাশীষ সিকদার কালা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছরই শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম আঙিনায় ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও আগামী ৪ নভেম্বর থেকে রাস মেলা ও উৎসব শুরু হয়ে চলবে টানা পাঁচ দিন।
সভায় শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমের মূল ও যুব কমিটির সদস্যবৃন্দসহ রাস মেলা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম আঙিনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাস মেলা ও কুয়াকাটার নীল জলে গঙ্গাস্নান উপলক্ষে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু–সন্ন্যাসী, রাসভক্তসহ লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে।


