
মোঃ বাচ্চু খলিফা, কুয়াকাটা |
পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে এক পা নিয়েই গভীর সমুদ্রের সাথে সংগ্রাম করছেন ছোরাফ, কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলে কালাম মাঝির ছেলে।
২০১৫ সালে এক সড়ক দুর্ঘটনায় বাম পা হারান ছোরাফ। চিকিৎসার খরচ জোগাতে সর্বস্ব বিক্রি করেন তার বাবা। তারপর থেকেই সংসারের দায়ভার এসে পড়ে ছোরাফের কাঁধে।
সরেজমিনে দেখা যায়, এক পা নিয়েই জাল সেলাই, নৌকা ওঠানো-নামানো, এমনকি গভীর সমুদ্রে মাছ ধরতেও যাচ্ছেন তিনি। ছোট ভাইকে নিয়ে এনজিও ঋণে তৈরি করা ছোট্ট নৌকাই এখন তার ভরসা।
স্ত্রী হালিমা বেগম জানান, পা হারানোর পরও ছোরাফকে ছেড়ে যাননি তিনি। বর্তমানে তিন সন্তানের সংসারে বড় ছেলে বাবাকে সাহায্য করতে ছোট্ট চায়ের দোকান চালাচ্ছে।
মা ফাতেমা বেগম বলেন, “দুই মাস হাসপাতালে রুটি খেয়ে থেকেছি, তবুও ছেলের পাশে ছিলাম। এখনো ভয়ে থাকি, যদি আবার বড় কোনো বিপদ আসে!”
ছোরাফের দাবি, “জীবন বাজি রেখে সমুদ্রে যাই। চাই সরকার আমাকে সহযোগিতা করুক, যাতে আমার সন্তানদের মুখে হাসি থাকে।”
সমাজে অনেকেই সব হারিয়েও হাল ছাড়েন না। তাদের মধ্যে ছোরাফ এক অনন্য উদাহরণ—এক পা নিয়েই আজও সমুদ্রের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন পরিবারের বাঁচার আশায়।


