পটুয়াখালীতে বজ্রপাতে এক নারী সহ ৪ জন নিহত এবং অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময় ওই চার ব্যক্তির এবং গত দুই দিনে এসব গরুর মৃত্যু হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্রা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮), দুপুর দুইটার দিকে গরুরে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদারের (৫৫) এবং সকাল নয়টার দিকে মাঠে গরু বাঁধতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়। এছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালী সহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৫০ টি গুরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি এবং বজ্রপাত চলাকালীন অসচেতনতার কারনে ঘরের বাহিরে থাকায় ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
পটুয়াখালী জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা জানান, বজ্রপাতে নিহতদের বিষয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারী নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।