পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সমিতির সকল পাওনা পরিশোধ না করা সদস্যদের আগামী ৯ এপ্রিল বিকেল ৪টার মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। অন্যথায় তারা ভোটার হিসেবে অযোগ্য বিবেচিত হবেন।
১২ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং একই দিনে আপত্তি গ্রহণ, শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৫ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ২০ এপ্রিল প্রতিদ্বন্ধী প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানায়, ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট মো. ওয়াহিদ সরোয়ার এবং নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. সহিদুর রহমান খান ও অ্যাডভোকেট মো. আবুল কাসেম খান।