স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলাকালেও অবৈধভাবে মাছ পরিবহনের ঘটনা থেমে নেই। এবার পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর পটুয়াখালীর মহিপুর থানাধীন হাজিপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।