স্টাফ রিপোর্টারঃ
ঢাকার দোহার থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি রিয়াজুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার (১৮ মার্চ) দুপুরে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১০-এর যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ-এর নেতৃত্বে পটুয়াখালী সদর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম ঢাকার দোহার উপজেলার আন্তা এলাকার বাসিন্দা এবং ওই হত্যা মামলার প্রধান আসামি।
র্যাব জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে ভিকটিমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।