পটুয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
ডিএনসি পটুয়াখালী সূত্র জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুরাতন হাসপাতাল রোডস্থ আনোয়ার হোটেলের সামনে এবং টিবি ক্লিনিক রোডে টিবি ক্লিনিকের সামনে রাস্তার ওপর থেকে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১০ গ্রাম, ১৫ গ্রাম ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন মো: মহাসিন মৃধা (৪৪), মো: রাব্বি শিকদার (২৪) ও মো: হাবিব (২৪)। তারা প্রত্যেকেই পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা রওজাতুন জান্নাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেক আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এম.আর মামলা নং ৮৮, ৮৯ ও ৯০/২৬। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন ডিএনসি পটুয়াখালী “ক” সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।
ডিএনসি কর্তৃপক্ষ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।