পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী “খ” সার্কেল।
ডিএনসি সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কুয়াকাটা সি-বিচ সংলগ্ন ফিস ফ্রাই মার্কেটের দক্ষিণ পাশে একটি ফাঁকা স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোঃ রাছেল হাওলাদার (৩০)–কে তল্লাশি করে তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক রাছেল হাওলাদার নবীনপুর এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ ইউনুস হাওলাদার ও মাতা কুলসুম বেগম। তিনি কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত আসামিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি পটুয়াখালী “খ” সার্কেলের পরিদর্শক মোঃ শাহিনুল কবীর আসামির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। এ সংক্রান্ত মোবাইল কোর্ট মামলার নম্বর ০৭/২৬, তারিখ ০৯/০১/২০২৬ ইং।
ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।