
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে পটুয়াখালী সদর থানাধীন দক্ষিণ সবুজবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সবুজবাগ এলাকায় ‘আর কে মেডিসিন কর্নার’ নামক দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর দণ্ডায়মান অবস্থায় মো. আজিজুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি হলিউড সিগারেট প্যাকেটের ভেতরে নীল পলিথিনে মোড়ানো হেরোইনের ১৬টি পুড়িয়া, যার মোট ওজন ২ গ্রাম এবং একই প্যাকেটে থাকা কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১০ পিস, যার ওজন ১ গ্রাম।
গ্রেফতারকৃত আসামি মো. আজিজুল ইসলাম (২০), পিতা মো. জহিরুল ওরফে শহিদুল, মাতা মোসা. খাদিজা বেগম। তার বাড়ি দক্ষিণ সবুজবাগ, পৌর ৪ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী সদর থানায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসি পটুয়াখালী ‘ক’ সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
