প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে অবৈধ ইলেকট্রনিক ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে পটুয়াখালী পৌরসভাধীন পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) ভবনের ১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে মোসাঃ সুমাইয়া বেগম (২৫) নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে VIP Pro Max (নং–২০২৬০৯১৮) নামের একটি ইলেকট্রনিক ডিভাইস, একটি সিম কার্ড ও পরীক্ষার অ্যাডমিট কার্ড জব্দ করা হয়।
আটক পরীক্ষার্থী কলাপাড়া উপজেলার লোন্দা এলাকার বাসিন্দা মোঃ নূরুল ইসলাম-এর মেয়ে মোসাঃ সুমাইয়া বেগম। তিনি ওই কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করছিলেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রায়হান। তিনি জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত পরীক্ষার্থীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পটুয়াখালী জেলায় এবারের নিয়োগ পরীক্ষায় এই একজন পরীক্ষার্থীই অবৈধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হয়েছেন।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.