
পটুয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চারটি অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইকবাল হোসেন মুরাদ (৫০), পিতা: মৃত রেখাতুল্লা খান, সাং চকবাজার, ৩ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী। মো. দ্বীন ইসলাম (৩২), পিতা: মৃত নুর ইসলাম সাং টাউন কালিকাপুর, ৯ নম্বর ওয়ার্ড, পটুয়াখালী।
ডিএনসি জানায়, চকবাজার এলাকায় প্রথম অভিযানে ইকবাল হোসেন মুরাদের বাড়ির উত্তর পাশ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে টাউন কালিকাপুর এলাকায় সাবিনা বেগমের বাড়ি থেকে ভাড়াটিয়া দ্বীন ইসলামের দখলীয় বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় প্রথম আসামি ইকবাল হোসেন মুরাদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি দ্বীন ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।


