
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার (২০ ও ২১ অক্টোবর) পটুয়াখালী সদর উপজেলার টাউন কালিকাপুর বড় চৌরাস্তা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মামুন হাওলাদার (৩৫), পিতা মৃত সেকান্দার হাওলাদার এবং মো. আরিফ (২৩), পিতা মো. লিটন। উভয়ের বাড়ি টাউন কালিকাপুর বড় চৌরাস্তা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মামুন হাওলাদারের বসতঘরের পশ্চিম পাশ থেকে ৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে একই এলাকায় তার ঘরের উত্তর পাশ থেকে মো. আরিফকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে দুইটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুই আসামিকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জানায়, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।


