দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
৮ এপ্রিল দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ ও সংহতির পরিপন্থী নানা অনাচারে জড়িয়ে পড়ায় বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এ প্রসঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, “যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। যেখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনসেবার নীতিই সবচেয়ে বড়। যেসব নেতাকর্মী দলের আদর্শে বিশ্বাসী, তাদের নিয়েই শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কেউ যদি আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”