সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখার সুযোগ পায়। সংসদ ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ এবং কার্যপ্রণালী সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেন সংসদ সদস্য নিজেই। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ, কৌতূহল ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।
সংসদ পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আজকের এই দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি বাউফলবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই আসন হবে সকলের প্রতিনিধিত্বের প্রতীক। শিক্ষার্থীদের সংসদে নিয়ে আসা সেই অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও যোগ্যতা গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের মানুষের জন্য কাজ করা, দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
এ সময় তিনি সংসদ সচিবালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে জানায়, এটি তাদের জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। অনেকেই বলেন, এত অল্প বয়সে জাতীয় সংসদ ভবন দেখার সুযোগ পাওয়া তাদের জন্য স্বপ্নপূরণের মতো।
অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যতিক্রমী আয়োজন বাউফলের শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন, প্রেরণা ও নেতৃত্বের আকাঙ্ক্ষা তৈরি করবে, যা ভবিষ্যতে একটি সচেতন ও উন্নত সমাজ গঠনে সহায়ক হবে।