
ব্লাড ক্যান্সারে আক্রান্ত পটুয়াখালী ছাত্রদল নেতা জিসান মানবিক সহায়তা প্রার্থনা
পটুয়াখালী জেলা প্রতিনিধি,
রামিজ আল ফাইজান জিসান (৩৫) দীর্ঘদিন ধরে পলিকুলার লিমফোমা বা ব্লাড ক্যান্সারে ভুগছেন। বর্তমানে তিনি চরম শারীরিক ও আর্থিক সংকটের মধ্যে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মানবিক সহায়তার জন্য তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
জিসান পটুয়াখালী পৌরসভার এসডিও রোড এলাকার বাসিন্দা। তার দুটি নাবালক ছেলে সন্তান রয়েছে। তার বাবা নেই, তিনি বর্তমানে মালিবাগের মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি পিজি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার মোট ৬টি কেমোথেরাপি নেওয়া প্রয়োজন, প্রতিটি কেমোতে খরচ হচ্ছে প্রায় ৬৫ হাজার টাকা করে। শুধুমাত্র কেমোথেরাপির জন্যই প্রয়োজন প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।
অসুস্থ হওয়ার আগে তিনি আবুল খায়ের কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু রোগ ধরা পড়ার পর থেকেই তিনি কর্মহীন হয়ে পড়েছেন। ফলে চিকিৎসার খরচ চালানো আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
রাজনৈতিক জীবনে রামিজ আল ফাইজান বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল-এর সক্রিয় কর্মী ছিলেন। তিনি ২০১৪ সালে আবদুল করিম মৃধা কলেজ ছাত্রদল-এর কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, “অনেক আগে থেকেই অসুস্থ, তবে দুই মাস আগে ডাক্তাররা নিশ্চিত করেন আমার ব্লাড ক্যান্সারের শেষ পর্যায় (স্টেজ–৪)। এখন বাঁচার একমাত্র উপায় নিয়মিত কেমো নেওয়া। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছি না। আমার টেনশনে আমার মা অসুস্থ হয়ে পড়ছে, আমার আত্মীয়-স্বজনদের সহযোগিতা নিয়ে এতদিন চিকিৎসা চালিয়েছি, এখন আর পারছিনা ক্যান্সারের জ্বালা নিয়ে বেঁচে থাকতে”
রামিজ আল ফাইজানের মোবাইল নম্বর ০১৮৫৮৫৬৭০২১ — মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ।


