
পটুয়াখালী শহরের মুকুল সিনেমা হল রোড এলাকার মায়ো ক্লিনিক-এ ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম কৃষ্ণা রানী (৩২)। তিনি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম পরিমল হাওলাদার, পেশায় ব্যবসায়ী।
পরিবারের অভিযোগ, আজ রবিবার ২৫ জানুয়ারি বিকেল ৫টার দিকে কৃষ্ণা রানীকে মায়ো ক্লিনিকে ভর্তি করানো হয়। ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তার অপারেশন করা হয়। তবে অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল পাঠানো হয়। পথেই রোগীর মৃত্যু হয় বলে জানান স্বজনরা।
অভিযোগে বলা হয়, রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে ক্লিনিক ত্যাগ করেন। পরে তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।
নিহতের বড় বোন বিষ্ণু রানী বলেন, “ক্লিনিকে ভর্তি করানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসক সঞ্চারী পাল রিমি দ্রুত অপারেশনের কথা বলেন এবং রক্ত সংগ্রহ করতে বলেন। আমরা রক্ত সংগ্রহ করতে থাকলে আমার বোনের ১২ বছর বয়সী বড় মেয়ের রক্ত নিয়েই সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।”
নিহতের আরেক ছোট বোন লক্ষ্মী রানী অভিযোগ করে বলেন,
“আমার বোনকে ভর্তি করানোর পরপরই তারা বলেন অপারেশন করতে হবে। আমি বলেছিলাম, হাতে তো এখনো সময় আছে, পরে করলেও হবে। কিন্তু তারা জানান, আট দিন আগের রিপোর্ট দিয়েই অপারেশন করা হবে। আমি আবার বলি, রোগী ভাত খেয়ে এসেছে, অন্তত দুই ঘণ্টা পরে আল্ট্রাসনোগ্রাম করে অপারেশন করানো উচিত। এখনই সিজার করলে ঝুঁকি আছে। তখন তারা বলেন, এখন অপারেশন না করলে বাচ্চার সমস্যা হবে।”
তিনি আরও বলেন, “অপারেশন থিয়েটার থেকে বের হয়ে তারাই অ্যাম্বুলেন্স ঠিক করে দেয় এবং দ্রুত বরিশাল নিয়ে যেতে বলে। ক্লিনিকের লোকজন নিজেরাই হাতে ধরে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলে। কিন্তু লেবুখালী পার হওয়ার আগেই আমার বোন মারা যায়।”
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, আমি এখানে এসে দেখলাম কৃষ্ণ রানী নামে একজন নারী এখানে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন অবস্থায় তার অপারেশন করা হয়েছে। তারপরে তিনি মারা গিয়েছেন এই সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি।

Boost your income effortlessly—join our affiliate network now!