
পটুয়াখালী শহরের সোনালী ব্যাংক মোড়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা ভাস্কর্য এখন পোস্টারে ঢেকে গেছে। একই সঙ্গে পাশের ফোয়ারার পানিতেও জমেছে ময়লা-আবর্জনা, ফলে নষ্ট হচ্ছে এর সৌন্দর্য ও ঐতিহ্যবাহী স্থাপনার পরিবেশ।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সোনালী ব্যাংক মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে নির্মিত এই টেরাকোটাটি দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত হয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার টেরাকোটার দেয়ালে লাগিয়ে দেওয়ায় মূল শিল্পকর্মের অংশগুলো প্রায় আড়াল হয়ে গেছে।
এছাড়া টেরাকোটার পাশের ফোয়ারাটিও বর্তমানে অযত্নে পড়ে আছে। পানিতে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সৌন্দর্যহানির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এমন গুরুত্বপূর্ণ স্থাপনাকে সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পোস্টার অপসারণের মাধ্যমে টেরাকোটার সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

