গলাচিপা অফিসঃ পটুয়াখালীর গলাচিপায় সাম্প্রতিক হামলা ও সহিংসতার ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ না করলে স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।
মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালানো হচ্ছে। কিন্তু স্থানীয় প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করছে না। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, “আগামী তিন দিনের মধ্যে যদি এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমি নিজে নির্বাচন কমিশনে গিয়ে লিখিত অভিযোগ জানাব।”
সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।