
পটুয়াখালী-১ আসন থেকে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার দুপুরে পটুয়াখালী মল্লিকা পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় সভায় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমির আলহাজ্ব অ্যাডভোকেট নাজমুল আহসান,আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. মনজুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্বাস আলী, খেলাফত মজলিসের আরেক নেতা মাওলানা মো. আবুল কাসেম।
সভাটি সঞ্চালনা করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
মতবিনিময় সভায় ডা. ওহাব মিনার বলেন, পটুয়াখালী-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই ১১ দলীয় জোটের প্রধান লক্ষ্য। তিনি বলেন, গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, আমিরে জামায়াতের নির্দেশ অনুযায়ী জোট থেকে যাকে সমর্থন দেওয়া হবে, ওই প্রার্থীর পক্ষে সকল নেতা-কর্মী ও সমর্থকদের দ্বিগুণ উদ্যমে কাজ করতে হবে। তিনি বলেন, এ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে, ইনশাল্লাহ।
বক্তারা বলেন, পটুয়াখালী-১ আসনে ইতিবাচক পরিবর্তন এখন সময়ের দাবি এবং সে পরিবর্তনের জন্য ১১ দলীয় জোটের প্রার্থী ডা. ওহাব মিনারের বিকল্প নেই। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় জোটের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
মতবিনিময় সভায় পটুয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. ওহাব মিনার এবং পটুয়াখালী-১ আসনের উন্নয়ন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।


