
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে বৈধ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর মো. ইশতিয়াক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার ও উপজেলা নির্বাচন অফিসার আমির খশরু গাজী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খানের পক্ষে প্রতিনিধি মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবীর পক্ষে প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল ইসলামের পক্ষে প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া।
এছাড়াও বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, সাংবাদিক বায়জিদ বাপ্পী, এস এম পলাশ, মাসুদ শিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, “২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক।”
তিনি আরও বলেন, “আসন্ন গণভোট ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।”
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মতামত ও পরামর্শ তুলে ধরেন।


