
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন দলের উচ্চতর পরিষদ সদস্য মো. রবিউল হাসান। সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে গণমাধ্যমকে মো. রবিউল হাসান বলেন, “তারুণ্যের নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে পটুয়াখালী-০৪ আসনের কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষের জন্য কাজ করতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা, যুব অধিকার পরিষদের সভাপতি রুম্মান হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহাসিন মিয়া ও সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


