
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।
ফাইনাল খেলায় ফিশারিজ অনুষদ ১-০ গোলে এএনএসভিএম অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. আমিনুল ইসলাম টিটো।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলাবোধ, সহযোগিতা, নেতৃত্ব—এসব গুণ অর্জনে খেলাধুলা অপরিহার্য।” তিনি আরও বলেন, পবিপ্রবিতে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে এবং শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়।
পরে তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদ অংশ নেয়। প্রতিদিনই উৎসাহপূর্ণ ও প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়, যা শেষ পর্যন্ত পুরো আয়োজনকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।


