দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী—
কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, ফারহান ইসরাক খান সুপ্ত কে দুই সেমিস্টারের জন্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, মো. নাফিউল আলম নাহিদ কে এক সেমিস্টারের জন্য এবং কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশা কে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
তদন্ত কমিটির এক সদস্য বলেন, “প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।”