
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো গ্রীন ফোরাম, পবিপ্রবির উদ্যোগে অনুষ্ঠিত হলো “সিরাত সেমিনার”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও তাঁর নির্দেশিত জ্ঞান অর্জনের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা হয়।
গ্রীন ফোরাম, পবিপ্রবির সেক্রেটারি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. আব্দুল মাসুদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলি উল্লাহ।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. অলি উল্লাহ বলেন,
“নবী করিম (সা.) মানবজাতির জন্য এমন এক জ্ঞানের দ্বার উন্মোচন করেছিলেন, যা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক জ্ঞানেরও উৎস। তাঁর জীবনাদর্শের মূল কথা হলো — ‘ইকরা’ বা পড়ো, যা মানুষের আত্মিক ও মানসিক বিকাশের ভিত্তি স্থাপন করে। জ্ঞান কেবল মুখস্থ করার বিষয় নয়, এটি আত্মার পরিশুদ্ধি ও সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়ার পথ।”
তিনি আরও বলেন, “রাসুলুল্লাহ (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি তাঁর সাহাবিদের শিক্ষা দিয়েছিলেন মানবতা, শৃঙ্খলা, ন্যায়বিচার ও সমাজসেবার। তরুণ প্রজন্ম যদি তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে, তবে তারা আলোকিত মানুষ হিসেবে সমাজকে এগিয়ে নিতে পারবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক মো. মহসিন হোসেন খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি সভাপতি মো. জান্নাতীন নাঈম জীবন, সেক্রেটারি সুলায়মান বান্নাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রীন ফোরাম সদস্যবৃন্দ।
সেমিনারের শেষে মহাগ্রন্থ আল কুরআন ও কায়দা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


