ইনিস্টিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম পেয়েছেন ১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল অহসান মুন্না। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হুমায়ুন কবির সোহাগ নির্বাচিত হন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইডিইবি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৪২৭ জনের মধ্যে ২২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন প্রকৌশলী মো. ইসহাক। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী গাজী শাহাবুদ্দিন এবং পোলিং অফিসার ছিলেন প্রকৌশলী মো. মোখলেছুর রহমান।
বিজয়ী সভাপতি পিন্টু তালুকদার বলেন, “ভোটাররা আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মূল্যায়ন করবো। সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। প্রথম কাজ হবে সংগঠনের একটি স্থায়ী ঠিকানা নির্মাণ।”