
সোমবার দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। এর আগে রোববার ওই এলাকার বাসিন্দা বিলকিচ জাহান তার বাড়ির ছাদে পাখিটিকে দেখতে পান এবং পরে প্রাণীকল্যাণ সংগঠনটির সদস্যদের খবর দেন।
সংগঠনের সদস্যরা জানান, পাখিটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ বিল্লাল খান জানান, পাখিটি সুস্থ হয়ে উঠলে বন বিভাগের সহায়তায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
উদ্ধারকারী সংগঠনের সদস্য মো. কাউসার জানান, ব্রাউন বুবক একটি নিশাচর পেঁচা প্রজাতির পাখি। এর বড় বড় হলুদ চোখ এবং তীক্ষ্ণ দৃষ্টির কারণে অনেক ছোট প্রাণী ও পাখি সহজেই ভয় পায়।
প্রাণীপ্রেমীদের মতে, বিরল প্রজাতির এ পাখিটি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি জরুরি।