পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর মোহনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, রাত বারোটা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।