স্টাফ রিপোর্টার: ১৭ বছরের সাজা এড়াতে প্রায় ২০ বছর পলাতক থাকার পর অবশেষে পটুয়াখালী সদর থানা পুলিশের হাতে ঢাকায় গ্রেফতার হয়েছেন এক দণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকতে তিনি জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পাননি।
গ্রেফতারকৃত আসামি মো. আনোয়ার হোসেন (৪৮), পিতা মৃত গনি হাওলাদার, মাতা সালেহা বেগম, গ্রামের বাড়ি পুকুরজনা, ডাকঘর ইটবাড়িয়া, থানা ও জেলা পটুয়াখালী।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল থানার একটি ডাকাতি মামলায় (ধারা ৩৯৫/৩৯৭, পেনাল কোড) আদালত তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। গ্রেফতার এড়াতে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘রেজাউর রহমান রেজা’ নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঢাকায় গণপরিবহন চালাতে থাকেন।
এদিকে, তার বিরুদ্ধে ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এএসআই মো. রুবেল হাওলাদার ও এএসআই মো. বায়েজিদ আহম্মেদ।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।