পটুয়াখালী সদর উপজেলার চাঞ্চল্যকর সরোয়ার হাওলাদার হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মো. সেলিম গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার গবরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সেলিম গাজী (২৮) দুমকি উপজেলার গবরদী গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, নিহত সরোয়ার হাওলাদারের কাছ থেকে মামলার প্রধান অভিযুক্তরা টাকা ধার নেয়। ওই পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ১৪ নভেম্বর বিকেলে পাওনা টাকা নেওয়ার কথা বলে ভিকটিমকে অভিযুক্তের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে একত্রিত হয়ে মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করা হয়।
পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় সরোয়ার হাওলাদারকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।