পটুয়াখালীর ইটবাড়িয়ার সরোয়ার হাওলাদার হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ আকন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের মৃত কাদের আকনের ছেলে।
র্যাব জানায়, ভিকটিম সরোয়ার হাওলাদারের কাছ থেকে মামলার প্রধান অভিযুক্ত টাকা ধার নেয়। ওই পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ নভেম্বর বিকেলে পাওনা টাকা নেওয়ার কথা বলে ফোনে ডেকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় ভিকটিমকে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে।
পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় সরোয়ার হাওলাদারকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নভেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভিকটিমের ভাই দেলোয়ার হাওলাদার বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সবুজ আকনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।