মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত রোববার সকালে সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজে ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদার নেতৃত্বে ঝটিকা মিছিল বের হয়। অংশগ্রহণকারীদের মাথায় থাকা কাফনের কাপড় এবং স্লোগান “হটাও ইউনূস, বাঁচাও দেশ”, “জয় বাংলা” স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মিছিলটি প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সোমবার দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে এনাম হোসেন ও রুবেল হোসেন নামের দুইজনকে গ্রেফতার করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।