সত্য, সাহস ও সুন্দরের অভিযাত্রায় তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা। “আমাদের গৌরবের তিন বছর” শ্লোগানে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর পাদদেশে নদীপাড়ের মনোমুগ্ধকর পরিবেশে কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনে উদযাপিত হয় পত্রিকাটির তৃতীয় বর্ষপূর্তি।
কালবেলার জেলা প্রতিনিধি ইসরাত লিটন'র সভাপতিত্বে ও দুমকি উপজেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম রন্টি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওলিউল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সাথী সম্পাদক আনোয়ার হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ ও শহীদুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মী।
প্রধান অতিথি ড. হেমায়েত জাহান বলেন, “এমন মনোরম স্থানে গণমাধ্যমের বর্ষপূর্তি উদযাপন সত্যিই দৃষ্টান্তমূলক। কালবেলা গবেষণাধর্মী সংবাদ প্রকাশের মাধ্যমে জেলা ও দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখবে।”
ওসি জাকির হোসেন সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান, আর সমাজসেবা কর্মকর্তা ওলিউল ইসলাম বলেন, “সংবাদকর্মীরাই সমাজের দর্পণ; তাদের লেখনিতেই সমাজের উন্নতি নির্ভর করে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খানসহ সাংবাদিক ও অতিথিবৃন্দ।
পটুয়াখালীর বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। মনোরম পরিবেশে আয়োজিত এই বর্ণিল আয়োজনের প্রশংসা করেন উপস্থিত সকলে, যা একসময় কালবেলা পরিবারের মিলনমেলায় পরিণত হয়।