
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই নদীতে জড়ো হতে থাকে রঙ-বেরঙের নৌকা; প্রতিটি নৌকায় ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও পরিবেশবান্ধব বার্তা। নদীর দুই তীরের মানুষ হাত নেড়ে নৌবহরের প্রতি সমর্থন জানান।
অংশগ্রহণকারীরা জানান, উপকূলীয় অঞ্চলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও পাইপলাইন সম্প্রসারণ শুধু জীববৈচিত্র্য নয়, মানবজীবনের জন্যও হুমকিস্বরূপ। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব প্রকল্পের কারণে সমুদ্র উপকূলের ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু ঝূঁকি আরও তীব্র হবে।
এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিব।
বক্তারা বলেন, উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াই এখন পরিবেশ রক্ষার ওপর নির্ভর করছে। উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস বন্ধ করে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় পর্যায়েও প্রতিবাদ জোরদার করার আহ্বান জানান তারা।
পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নৌবহরটি নদীর মোহনায় গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
