
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন প্রচারে সচেতনতা তৈরির লক্ষ্যে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঝাউবন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন মোহন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রাজু।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশের প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন ও জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন।
এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে সবুজায়নের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী বলেন,
“পরিবেশ রক্ষায় এই ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।”
অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে প্রায় একশত ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়। চারা বিতরণের সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরিবেশবান্ধব সমাজ গঠনে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে।


