
আবুল হোসেন রাজু, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জুনায়েদ আহমেদ জিসান (২৪) ও মো. আবু সাইদ (১৯)। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে কলাপাড়া থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, ‘মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

