
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, বর্তমান সরকারের আমলে একটা আইন বা অদ্যাদেশ হলে, সেটা হবে সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আইন। সেটাই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন। আমরাও সেটা নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন যতদিন থাকবে, সাংবাদিকতার মান ততদিন উন্নত হবে না। দলীয় রাজনীতির ঊর্ধ্বে না উঠতে পারলে প্রশিক্ষণ দিয়েও লাভ হবে না। রাজনৈতিক বিভক্তি ও কিছু মানুষের ব্যক্তিস্বার্থের সুযোগ গ্রহণ সাংবাদিকতাকে কলুষিত করেছে। এ অবস্থা থেকে উত্তরণ ও সাংবাদিকদের সুরক্ষায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এবং রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিকল্প নেই। বর্তমান ডিজিটাল যুগে ভুয়া খবর বা অপসাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এজন্য সংবাদ পরিবেশনে তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ উপস্থাপন এবং পাঠকের আস্থা অর্জনে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা মনে করেন, প্রেস কাউন্সিলের এই উদ্যোগ শুধু পেশাগত মানোন্নয়নেই নয়, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
